Part 7 | Page 25
খন্ডঃ 7 | পৃষ্ঠাঃ 25
আনাস (রা.) বর্ণিত হাদিসটি ইমাম শাফেয়ী এবং তাঁর সাথে একমত পোষণকারী ফকিহগণের মাযহাবের সপক্ষে একটি দলিল; যা মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর তার জানাজা পড়ার বৈধতা প্রদান করে, চাই ইতিপূর্বে তার জানাজা পড়া হয়ে থাকুক বা না থাকুক। ইমাম মালিকের অনুসারীগণ কবরে জানাজা পড়াকে নিষেধ করেছেন এবং তাঁরা এই হাদিসটির ক্ষেত্রে এমন কিছু অসার ব্যাখ্যা প্রদান করেছেন যা উল্লেখ করার কোনো সার্থকতা নেই, কারণ সেগুলোর ভ্রান্তি ও অসারতা অত্যন্ত সুস্পষ্ট। আল্লাহই সর্বজ্ঞ। আর এই হাদিসে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, স্বীয় উম্মতের প্রতি তাঁর মমত্ববোধ, তাদের খবরাখবর নেওয়া, তাদের প্রাপ্য অধিকারসমূহ যথাযথভাবে আদায় করা এবং তাদের ইহকাল ও পরকালের যাবতীয় কল্যাণের প্রতি গভীর মনোনিবেশ করার বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।