Part 1 | Page 63
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 63
সেখানে তাঁরা পরম শান্তিতে বসবাস করতে লাগলেন। অতঃপর কুরাইশরা এই মর্মে একমত হলো যে, তারা নাজ্জাশির নিকট প্রতিনিধি প্রেরণ করবে যাতে তিনি সেখানে অবস্থানরত মুসলমানদের তাদের নিকট ফিরিয়ে দেন। তারা আমর ইবনুল আস এবং উমারাহ ইবনুল ওয়ালিদ ইবনে রবিআহকে প্রেরণ করল এবং নাজ্জাশি ও তাঁর পাত্র-মিত্রদের জন্য তাদের সাথে প্রচুর উপঢৌকন পাঠিয়ে দিল। তারা যখন সেখানে পৌঁছাল, তখন এমন কোনো পাত্র-মিত্র অবশিষ্ট ছিল না যার নিকট তারা উপঢৌকন পেশ করেনি। তারা তাদের নিকট অনুরোধ করল যেন তারা রাজার সাথে কথা বলে যাতে রাজা তাঁদের (মুসলমানদের) সাথে কথা বলার ও তাঁদের কথা শোনার আগেই তাঁদেরকে তাদের হাতে সোপর্দ করে দেন। পাত্র-মিত্রদের উপঢৌকন প্রদানের কাজ শেষ করে তারা নাজ্জাশির নিকট তাঁর উপঢৌকনগুলো পেশ করল এবং তিনি তা গ্রহণ করলেন। অতঃপর তারা তাঁকে বলল, 'হে রাজন! আমাদের কওম আপনার নিকট তাদের কিছু যুবক সম্পর্কে আমাদের পাঠিয়েছে যারা আপনার দেশে চলে এসেছে; তারা তাদের কওমের ধর্ম ত্যাগ করেছে এবং আপনার ধর্মেও প্রবেশ করেনি আর না অন্য কোনো ধর্মে। তাদের কওমই তাদের বিষয়ে সর্বাধিক অবগত।' তাঁর পাত্র-মিত্ররা বলল, 'হে রাজন! তারা সত্যই বলেছে।' তখন তিনি রাগান্বিত হলেন।