Part 1 | Page 49
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 49
প্রত্যাদেশের (الوحي) সূচনা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নের (الرؤيا الصادقة) মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন, তা ভোরের আলোর ন্যায় সুস্পষ্ঠভাবে প্রকাশ পেত। এরপর তাঁর কাছে নির্জনবাস প্রিয় হয়ে উঠল। তিনি হেরা গুহায় অবস্থান করতেন এবং সেখানে একটানা বেশ কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন। এর জন্য তিনি প্রয়োজনীয় পাথেয় সাথে নিতেন। এরপর পুনরায় খাদিজার নিকট ফিরে আসতেন এবং অনুরূপ সময়ের জন্য পুনরায় খাদ্যসামগ্রী নিয়ে যেতেন। এভাবে একদিন হেরা গুহায় অবস্থানকালে তাঁর নিকট সত্যের আগমন ঘটল। সেখানে ফেরেশতা এসে তাঁকে বললেন, ‘পড়ুন’। রাসূলুল্লাহ ﷺ বললেন, ‘আমি পড়তে জানি না’। তিনি বলেন, ‘তখন তিনি আমাকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন, যাতে আমি অত্যন্ত কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, ‘পড়ুন’। আমি বললাম, ‘আমি পড়তে জানি না’। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন, যাতে আমি অত্যন্ত কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, ‘পড়ুন’। আমি বললাম, ‘আমি পড়তে জানি না’। এরপর তিনি আমাকে তৃতীয়বার জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন এবং ছেড়ে দিয়ে বললেন, ‘পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’—সেই আয়াত পর্যন্ত যা তিনি জানতেন না। এরপর রাসূলুল্লাহ ﷺ প্রকম্পিত হৃদয়ে ফিরে আসলেন এবং খাদিজার নিকট পৌঁছে বললেন, ‘আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর দিয়ে আবৃত করো’। তারা তাঁকে চাদর দিয়ে আবৃত করলেন যতক্ষণ না তাঁর ভীতি দূর হলো। এরপর তিনি খাদিজাকে সকল ঘটনা খুলে বললেন এবং বললেন, ‘আমি আমার নিজের জীবনের ওপর আশঙ্কা করছি’। খাদিজা বললেন, ‘কখনো নয়, বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম! আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সর্বদা সত্য কথা বলেন, অসহায়দের বোঝা বহন করেন, মেহমানদারি করেন এবং হকের পথে আসা বিপদে মানুষকে সাহায্য করেন।’ এরপর খাদিজা তাঁকে নিয়ে রওনা হলেন।