Part 3 | Page 171
--------------------------------------------
খন্ডঃ 3 | পৃষ্ঠাঃ 171
তাঁরা বলেন: আবু বকর হিজরি এগারো সনে উমর ইবনুল খাত্তাবকে হজ্জের আমীর হিসেবে নিযুক্ত করলেন। অতঃপর আবু বকর হিজরি বারো সনের রজব মাসে উমরা পালন করলেন। তিনি পূর্বাহ্নে মক্কায় প্রবেশ করে নিজ গৃহে আসলেন। আবু কুহাফা তাঁর ঘরের দরজায় বসে ছিলেন এবং কিছু তরুণ তাঁর সাথে কথা বলছিল। একপর্যায়ে তাঁকে বলা হলো, ‘এই যে আপনার পুত্র’। তিনি উঠে দাঁড়ালেন। আবু বকর তাঁর সওয়ারি উটটিকে বসানোর জন্য তাড়াহুড়ো করছিলেন, তাই তিনি উটটি দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তা থেকে নেমে পড়লেন। তিনি বলতে লাগলেন, ‘হে আব্বা! আপনি দাঁড়াবেন না’। অতঃপর তিনি তাঁর সাথে সাক্ষাৎ করে তাঁকে জড়িয়ে ধরলেন এবং আবু কুহাফার দুই চোখের মাঝে চুম্বন করলেন। বৃদ্ধ পিতা তাঁর আগমনে খুশিতে কাঁদতে লাগলেন। আত্তাব বিন আসীদ(১), সুহাইল বিন আমর, ইকরিমাহ বিন আবি জাহল এবং হারিস বিন হিশাম মক্কায় আসলেন এবং তাঁকে সালাম দিয়ে বললেন: ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহর রাসুলের খলিফা’। তাঁরা সকলে তাঁর সাথে মুসাফাহা করলেন। তাঁরা যখনই আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কথা উল্লেখ করছিলেন, অমনি আবু বকর কাঁদতে লাগলেন। এরপর তাঁরা আবু কুহাফাকে সালাম দিলেন। তখন আবু কুহাফা বললেন, ‘হে আতীক! এরা হলেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুতরাং তুমি তাঁদের সাথে সদাচরণ কোরো’। আবু বকর বললেন, ‘হে আব্বা! আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই এবং কোনো শক্তিও নেই! আমার ওপর এমন এক বিশাল দায়িত্ব অর্পিত হয়েছে, যা পালন করার মতো শক্তি বা সামর্থ্য আল্লাহর সাহায্য ছাড়া আমার নেই’। এরপর তিনি ভেতরে প্রবেশ করে গোসল করলেন এবং বেরিয়ে আসলেন। তাঁর সঙ্গীরা তাঁর অনুসরণ করলে তিনি তাঁদের সরিয়ে দিলেন এবং বললেন, ‘তোমরা তোমাদের স্বাভাবিক গতিতে হাঁটো’। লোকজন তাঁর সাথে দেখা করতে লাগলেন এবং আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বিয়োগব্যথায় তাঁর প্রতি সমবেদনা জানাতে লাগলেন। তিনি কাঁদতে কাঁদতে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছালেন। অতঃপর তিনি চাদর দিয়ে ইজতিবা (اضطباع) করলেন, এরপর রুকন চুম্বন (استلام) করলেন এবং সাতবার তাওয়াফ করলেন। এরপর দুই রাকাত সালাত আদায় করে নিজ গৃহে ফিরে গেলেন। যখন যোহরের সময় হলো, তিনি পুনরায় বের হয়ে কাবাঘর তাওয়াফ করলেন। এরপর তিনি দারুন নদওয়ার কাছে বসলেন এবং বললেন, ‘এমন কেউ কি আছে যে কোনো অবিচারের অভিযোগ করতে চায় কিংবা কোনো পাওনা দাবি করে?’ কেউই আসলো না এবং লোকজন তাঁদের আমীর সম্পর্কে অত্যন্ত প্রশংসা করলেন। অতঃপর তিনি আসরের সালাত আদায় করলেন এবং বসলেন; লোকজন তাঁকে বিদায় জানালেন। এরপর তিনি মদিনার উদ্দেশ্যে রওয়ানা হলেন। যখন হিজরি বারো সনের হজ্জের সময় হলো, তখন আবু বকর সেই বছর লোকদের নিয়ে হজ্জ সম্পাদন করলেন। তিনি হজ্জে ইফরাদ (إفراد) আদায় করেন এবং মদিনায় উসমান বিন আফফানকে তাঁর স্থলাভিষিক্ত করে যান।
--------------------------------------------