Part 2 | Page 282
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 282
আপস-নিষ্পত্তির লক্ষে এবং যায়িদ বিন সাওহান আয়েশা (রা.)-এর নিকট হতে কুফার গভর্নর আবু মুসা (রা.)-এর কাছে আয়েশা (রা.) প্রেরিত দুটি পত্র নিয়ে উপস্থিত হলেন। ঐ দুই পত্রের প্রত্যেকটিতে লেখা ছিল: বিসমিল্লাহির রাহমানির রাহীম। মুমিন জননী আয়েশা (রা.)-এর পক্ষ থেকে আবদুল্লাহ বিন কাইস আল-আশআরীর প্রতি। আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আমি আপনার কাছে সেই আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। অতঃপর, উসমান (রা.)-এর হত্যাকাণ্ড সম্পর্কে যা ঘটেছে তা আপনি জানেন। আমি মানুষের মাঝে সংস্কার ও সমঝোতার উদ্দেশ্যে বের হয়েছি। অতএব, আপনার অধীনস্থদের নিজ নিজ গৃহে অবস্থান করতে এবং শান্তিতে সন্তুষ্ট থাকতে নির্দেশ দিন, যতক্ষণ না মুসলিমদের বিষয়াবলি সংশোধনের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত পরিস্থিতি অর্জিত হয়। কেননা উসমানের হত্যাকারীরা ঐক্যবদ্ধ দল ত্যাগ করেছে এবং নিজেদের ওপর ধ্বংস ডেকে এনেছে। যখন তিনি পত্র দুটি পাঠ করলেন, তখন আম্মার বিন ইয়াসির (রা.) তৎপর হয়ে উঠলেন এবং বললেন: আয়েশা (রা.)-কে একটি বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছিল, আর আমাদের নির্দেশ দেওয়া হয়েছে ভিন্ন বিষয়ের। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি নিজ গৃহে অবস্থান করেন, আর আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা যুদ্ধ করি যাতে কোনো ফিতনা অবশিষ্ট না থাকে। অথচ এখন তিনি আমাদের সেই বিষয়ের নির্দেশ দিচ্ছেন যা তাঁকে দেওয়া হয়েছিল এবং তিনি নিজে সেই কাজে লিপ্ত হয়েছেন যার নির্দেশ আমাদের দেওয়া হয়েছিল। এরপর তিনি বললেন, এই যে রাসূলুল্লাহ (সা.)-এর চাচাতো ভাই, আপনারা তাঁর দিকে বেরিয়ে আসুন এবং সত্য অনুসন্ধান করুন যে, কার সাথে সত্য রয়েছে। এরপর হাসান বিন আলী (রা.) দাঁড়িয়ে বললেন: হে লোকসকল! তোমরা তোমাদের আমিরের আহ্বানে সাড়া দাও এবং তোমাদের ভাইদের দিকে অগ্রসর হও, সম্ভবত আল্লাহ তোমাদের মাঝে সমঝোতা করে দেবেন। অতঃপর হিন্দ বিন আমর আল-বাজালি দাঁড়িয়ে বললেন: আমিরুল মুমিনীন আমাদের আহ্বান করেছেন এবং আমাদের কাছে তাঁর পুত্রকে পাঠিয়েছেন। সুতরাং তোমরা তাঁর কথা অনুসরণ করো এবং তাঁর নির্দেশের অনুগত হও। তখন হুজর বিন আদি আল-কিন্দী দাঁড়িয়ে বললেন: হে লোকসকল! তোমরা আমিরুল মুমিনীনের আহ্বানে সাড়া দাও এবং লঘু ও গুরু অবস্থায় তোমাদের ধন-সম্পদ ও জীবন নিয়ে অভিযানে বেরিয়ে পড়ো। এরপর হাসান বললেন—